Saturday, June 27, 2026

বাংলাদেশ ফার্স্ট নীতিতেই মালয়েশিয়া-চীন সফরে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছি: প্রধানমন্ত্রী


ফাইল ছবিঃ সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ যে দায়িত্ব সরকারকে দিয়েছে, সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্বার্থ তুলে ধরা এবং তা রক্ষার চেষ্টা করা হয়েছে।

শনিবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের নীতিগত অবস্থান ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’। এই নীতির আলোকে আন্তর্জাতিক অঙ্গনে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, ব্যক্তিগত কোনো অর্জনের জন্য নয়, বরং বাংলাদেশের মানুষের কল্যাণ এবং জাতীয় স্বার্থ নিশ্চিত করাই ছিল সফরের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, যদি এই সফরের মাধ্যমে কোনো ইতিবাচক ফল অর্জিত হয়ে থাকে, তবে সেটি কোনো ব্যক্তি বা সরকারের নয়, বরং বাংলাদেশের এবং দেশের জনগণের অর্জন।

বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী সংসদের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে বিরোধীদলীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা ও উৎসাহ দেওয়ায় তাদের ধন্যবাদ জানান তিনি।

এর আগে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দায়িত্ব গ্রহণের চার মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সফরের মূল ভিত্তি ছিল পারস্পরিক সম্মান, অভিন্ন স্বার্থ, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং কৌশলগত স্বায়ত্তশাসনের নীতি।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও সরকারের স্বাধীন পররাষ্ট্রনীতির প্রতি সমর্থন জানিয়ে বলেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দল প্রস্তুত রয়েছে। একই সঙ্গে বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ চুক্তিগুলো সংসদে উপস্থাপনের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, সরকার গঠনের পর এটিই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। গত ২১ জুন তিনি মালয়েশিয়া সফরে যান। পরদিন চীন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। সফরকালে চীনের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক এবং মালয়েশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক ও দুটি সহযোগিতা-সংক্রান্ত দলিল বিনিময় করে বাংলাদেশ। সংসদে এই সফরের সাফল্যের জন্য সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাবও গৃহীত হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন