Wednesday, June 17, 2026

৪ বছর পর চট্টগ্রামের আলোচিত শিশু আয়াত হত্যা মামলায় প্রধান আসামি আবীরের মৃত্যুদণ্ড


ছবিঃ শিশু আয়াত ও আসামি মো. আবীর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

চট্টগ্রামে পাঁচ বছর বয়সী শিশু আয়াতকে অপহরণ, হত্যা এবং মরদেহ খণ্ড-বিখণ্ড করার বহুল আলোচিত মামলায় প্রধান আসামি মো. আবীরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আলোচিত এ মামলার রায়ের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের পক্ষে ৩৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার নয়ারহাট এলাকায় বাড়ির পাশের একটি মসজিদে আরবি পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয় শিশু আয়াত। পরে তদন্তে উঠে আসে, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে প্রতিবেশী আবীর আলী তাকে অপহরণ করেছিলেন।

তদন্তে জানা যায়, অপহরণের পর শিশুটিকে গোপনে কোথাও সরিয়ে নেওয়ার সুযোগ না পেয়ে আবীর তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর অপরাধ গোপন করতে মরদেহ কয়েক টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

ঘটনার ১৬ দিন পর, ৩০ নভেম্বর আউটার রিং রোডের আকমল আলী ঘাটসংলগ্ন সুইচ গেট এলাকার একটি গর্ত থেকে শিশুটির দুই পা উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন একই এলাকা থেকে উদ্ধার করা হয় খণ্ডিত মাথা। পরবর্তী তদন্তে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয় এবং আবীরকে গ্রেপ্তার করা হয়।

শিশু আয়াত হত্যার নির্মম ঘটনা সারা দেশে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল। বিচার শেষে আদালতের এ রায়কে নিহত শিশুটির পরিবারের জন্য ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন