Friday, February 13, 2026

২৩ বছরে পা রাখল মেঘদল, আসছে একক কনসার্ট ও তিন নতুন গান


ছবিঃ একটি কনসার্টে ‘মেঘদল’ ব্যান্ডের সদস্যরা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বাংলা বিকল্প ধারার সংগীতে দীর্ঘ পথচলার এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে ব্যান্ড মেঘদল। ২২ জানুয়ারি ব্যান্ডটির যাত্রা পূর্ণ হয়েছে ২৩ বছরে। এই উপলক্ষে বিশেষ একক কনসার্টের ঘোষণা দিয়েছে দলটি। পাশাপাশি শ্রোতাদের জন্য আসছে তিনটি নতুন গান, যার মাধ্যমে সম্পন্ন হবে মেঘদলের তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’।

নতুন গান তিনটির শিরোনাম ‘কার্নিভ্যাল’, ‘বাঘ’ এবং ‘তারে কোথায় খুঁজে পাই’। পর্যায়ক্রমে গানগুলো প্রকাশ করা হবে। বর্তমানে গানগুলোর ভিডিও নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন ব্যান্ডের ভোকাল ও গীতিকার শিবু কুমার শীল।

তিনি বলেন, নতুন গান প্রকাশের বিষয়টি সরাসরি ২৩ বছর পূর্তিকে কেন্দ্র করে নয়, তবে এটি একটি উপলক্ষ হয়ে এসেছে। তাঁর ভাষায়, এই তিনটি গান প্রকাশের মধ্য দিয়েই ‘অ্যালুমিনিয়ামের ডানা’ অ্যালবামটি পূর্ণতা পাবে।
‘কার্নিভ্যাল’ গানটির কথা, সুর ও কণ্ঠ শিবু কুমার শীলের। অন্যদিকে ‘বাঘ’ ও ‘তারে কোথায় খুঁজে পাই’ এই দুটি গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন মেঘদলের আরেক সদস্য মেজবাউর রহমান সুমন। প্রথমেই প্রকাশ পাবে ‘বাঘ’, এরপর আসবে বাকি দুটি গান।

২৩ বছর পূর্তির আয়োজন প্রসঙ্গে শিবু কুমার শীল জানান, বড় পরিসরের আয়োজন না হলেও ঈদের পর একটি বিশেষ একক কনসার্ট করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আগামী বছর ব্যান্ডের ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি লাইভ অ্যালবাম প্রকাশের প্রস্তুতিও শুরু হবে।

মেঘদলের ‘অ্যালুমিনিয়ামের ডানা’ অ্যালবামটি প্রথম আলোচনায় আসে ২০২২ সালে প্রকাশিত গান ‘এ হাওয়া’ দিয়ে। গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং পরে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমায় ব্যবহার করা হয়। ২০২৩ সালের আগস্টে প্রকাশিত হয় অ্যালবামের শিরোনাম গান। একই বছরের মার্চে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে মেঘদল পরিবেশন করেছিল জনপ্রিয় গান ‘বনবিবি’।

দুই দশকের বেশি সময় ধরে নিজস্ব সংগীতধারা ও ভাবনায় আলাদা পরিচয় গড়ে তোলা মেঘদল নতুন গান ও কনসার্টের মাধ্যমে আবারও সক্রিয়ভাবে শ্রোতাদের কাছে ফিরছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন