Friday, February 13, 2026

আগাথা ক্রিস্টির রহস্যে মিয়া ম্যাককেনা-ব্রুস, আইএমডিবিতে আলোচনার শীর্ষে


ছবিঃ ‘হাউ টু হ্যাভ সেক্স’ সিনেমায় মিয়া ম্যাককেনা-ব্রুস (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ব্রিটিশ অভিনেত্রী মিয়া ম্যাককেনা-ব্রুস আবারও আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। জনপ্রিয় লেখক আগাথা ক্রিস্টির উপন্যাস অবলম্বনে নির্মিত নতুন সিরিজ ‘আগাথা ক্রিস্টিস সেভেন ডায়ালস’–এ প্রধান চরিত্রে অভিনয়ের সুবাদে আইএমডিবির ট্রেন্ডিং তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি।

এর আগে ২০২৩ সালে ‘হাউ টু হ্যাভ সেক্স’ সিনেমায় সাহসী ও সংবেদনশীল অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী নজর কাড়েন ২৫ বছর বয়সী এই অভিনেত্রী। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং ‘আঁ সার্তে রিগা’ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে। সেখানে কিশোরী বয়সের আবেগ, সম্মতি ও আত্মপরিচয়ের জটিলতা তুলে ধরা এক চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান মিয়া।

ওই সিনেমার জন্য তিনি ব্রিটিশ ইনডিপেনডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান। পাশাপাশি নতুন প্রজন্মের প্রতিভাবান শিল্পী হিসেবে অর্জন করেন বাফটার ‘রাইজিং স্টার’ পুরস্কারসহ আরও বেশ কয়েকটি সম্মাননা।

এবার সম্পূর্ণ ভিন্ন ধারার গল্পে হাজির হয়েছেন মিয়া ম্যাককেনা-ব্রুস। রহস্য ও ষড়যন্ত্রে ভরা আগাথা ক্রিস্টির জগতে প্রবেশ তাঁর ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা। বিনোদনবিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি–র প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিক সামাজিক গল্পের পাশাপাশি ক্ল্যাসিক সাহিত্যনির্ভর রহস্য কাহিনিতেও নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা প্রমাণ করেছেন মিয়া।

‘আগাথা ক্রিস্টিস সেভেন ডায়ালস’–এর গল্প আবর্তিত হয়েছে লন্ডনের অভিজাত এলাকা সেভেন ডায়ালসকে ঘিরে। এক তরুণের রহস্যজনক মৃত্যুর পর তার কক্ষে ভিন্ন ভিন্ন সময়ে সেট করা একাধিক অ্যালার্ম ঘড়ি পাওয়া যায়। শুরুতে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হলেও তদন্তে বেরিয়ে আসে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত।

এই রহস্য উদ্ঘাটনে এগিয়ে আসে একদল তরুণ-তরুণী। তাদের নেতৃত্ব দেয় সাহসী ও অনুসন্ধিৎসু চরিত্র লেডি আইলিন ব্রেন্ট, যেটিতে অভিনয় করেছেন মিয়া ম্যাককেনা-ব্রুস। অনুসন্ধানের একপর্যায়ে জানা যায়, ‘সেভেন ডায়ালস’ কেবল একটি জায়গা নয়; বরং এটি একটি গোপন সংগঠন, যা গুপ্তচরবৃত্তি, রাষ্ট্রীয় গোপন তথ্য ও রাজনৈতিক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।

গল্প যত এগোয়, ততই উন্মোচিত হতে থাকে হত্যা, প্রতারণা ও ছদ্মবেশের জট। বিশ্বাসযোগ্য মুখের আড়ালে লুকিয়ে থাকা শত্রু এবং নিরীহ চরিত্রের বিপজ্জনক রূপ দর্শকদের চমকে দেয়। শেষ পর্যন্ত প্রকাশ পায় এই রহস্যের পেছনে ব্যক্তিগত স্বার্থের চেয়েও বড় রাষ্ট্রীয় উদ্দেশ্য কাজ করছে।

এই সিরিজে মিয়ার অভিনয় তাঁকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে বলে মনে করছেন দর্শক ও সমালোচকেরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন