- ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, ২০০৮ সালের পর এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এটি ভবিষ্যৎ নির্বাচনের জন্য নতুন মানদণ্ড স্থাপন করেছে।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্রাথমিক মূল্যায়ন উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইভার্স ইজাবস বলেন, নির্বাচন ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক। তাঁর মতে, নির্বাচন কমিশন স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে ভোট আয়োজন করেছে। তবে অপতথ্য বা বিভ্রান্তিকর প্রচারণা নির্বাচনী পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও তিনি উল্লেখ করেন।
ইইউ পর্যবেক্ষণ মিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রার্থীরা তুলনামূলকভাবে অবাধে প্রচার চালাতে পেরেছেন। তবে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিছু ক্ষেত্রে নির্বাচনী পরিবেশে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হয়েছে।
নারী অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক গণ–অভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থাকলেও নির্বাচনে তাদের উপস্থিতি ছিল খুবই কম। মোট প্রার্থীর মধ্যে নারী ছিলেন মাত্র চার শতাংশ, যা উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইভার্স ইজাবস বলেন, ভোটারদের প্রত্যাশা পূরণে কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা রাখতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে অংশগ্রহণ আরও অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক হবে।