- ৩০ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার কাজ সম্পন্ন করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। তবে এসব অধ্যাদেশ যাচাই-বাছাই করতে গিয়ে একাধিক বিষয়ে মতপার্থক্য দেখা দিয়েছে। বিশেষ করে ১৪ থেকে ১৫টি ইস্যুতে সরকারি দলের অবস্থানের সঙ্গে একমত হয়নি বিরোধী দল জামায়াতে ইসলামী, যারা এসব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে।
রোববার রাতে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে তৃতীয় দিনের মতো বৈঠকে বসে কমিটি। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। এতে মন্ত্রিসভার সদস্যসহ বিভিন্ন দলের সংসদ সদস্যরা অংশ নেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিটির সদস্য ও বিরোধী দলের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। তিনি অভিযোগ করেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি দল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিজেদের অবস্থান চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এসব ক্ষেত্রে বিরোধী দল একমত না হয়ে ভিন্নমত জানিয়েছে।
তিনি আরও বলেন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন এবং গুম প্রতিরোধসংক্রান্ত সংস্কার বিষয়ে বিরোধী দলের ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। এসব প্রতিষ্ঠানকে স্বাধীন রাখার বিষয়ে তারা জোর দিচ্ছে, তবে সরকারি দল এগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, বিশেষ কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, প্রতিটি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অনেকগুলো বর্তমান অবস্থায় অনুমোদনের সুপারিশ করা হয়েছে, আবার কিছু ক্ষেত্রে সংশোধন এনে বিল আকারে সংসদে উপস্থাপন করা হবে। কিছু অধ্যাদেশ সময় স্বল্পতার কারণে এই অধিবেশনে উত্থাপন করা সম্ভব না হলে পরবর্তী অধিবেশনে আনা হবে বলেও জানান তিনি।
নোট অব ডিসেন্ট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলের ভিন্নমত যথাযথভাবে কমিটির প্রতিবেদনে উল্লেখ থাকবে এবং সংসদে বিল আকারে উত্থাপনের সময় সদস্যরা এ বিষয়ে আলোচনা করতে পারবেন।
গণভোট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে উদ্দেশ্যে গণভোট অধ্যাদেশ জারি করা হয়েছিল, তা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তাই এটিকে স্থায়ী আইনে রূপান্তরের প্রয়োজন নেই বলে তিনি মত দেন।
উল্লেখ্য, এখনো মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন না হওয়ায় অধ্যাদেশগুলো যাচাইয়ের জন্য এই বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ২ এপ্রিলের মধ্যে তাদের প্রতিবেদন সংসদে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।