- ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। ওই দিন সকাল ১১টায় সংসদের বৈঠক শুরু হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংসদ সচিবালয় জানায়, সাধারণত নতুন সংসদের প্রথম অধিবেশন তুলনামূলকভাবে দীর্ঘ হয় এবং এতে গুরুত্বপূর্ণ কয়েকটি কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রথম বৈঠকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ উপস্থাপন, শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণ উপস্থাপনের সম্ভাবনা রয়েছে। অধিবেশন চলাকালে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।
গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে চলতি মাসের ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই–তৃতীয়াংশ আসনে জয় পেয়ে বিএনপি সরকার গঠন করে। সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম বৈঠক আহ্বান করার বিধান রয়েছে।
সংসদের প্রথম বৈঠকে সাধারণত বিদায়ী স্পিকার অথবা ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেন এবং তাঁদের অধীনেই নতুন স্পিকার নির্বাচন করা হয়। তবে এবার পরিস্থিতি ভিন্ন। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী গত সেপ্টেম্বরে পদত্যাগ করার পর থেকে প্রকাশ্যে অনুপস্থিত। আর বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন দিন পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। এমন প্রেক্ষাপটে সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।