- ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
গ্র্যামিজয়ী ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান তাঁর ২০২৬ সালের ‘লুপ ট্যুর’-এর অংশ হিসেবে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। সফরের একটি ব্যতিক্রমী ঘটনা ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে—সিডনি থেকে মেলবোর্নে যেতে তিনি বিমানের বদলে বেছে নিয়েছেন দীর্ঘ ১১ ঘণ্টার ট্রেনযাত্রা।
বৃহস্পতিবার সকালে সিডনি থেকে ছেড়ে আসা রাতের ট্রেনে তিনি মেলবোর্নের সাদার্ন ক্রস স্টেশন-এ পৌঁছান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাধারণ যাত্রীর মতো পোশাকে, মাথায় টুপি ও সবুজ হুডি টেনে মুখ আড়াল করে তিনি স্টেশন দিয়ে হেঁটে যাচ্ছেন। কাঁধে ছিল কালো ব্যাগ, সঙ্গে একটি ট্রলি।
মেলবোর্নের মার্ভেল স্টেডিয়াম-এ তিনটি কনসার্টের প্রথমটিতে অংশ নিতেই এই যাত্রা। বিপুল সম্পদের মালিক হয়েও তুলনামূলক স্বল্পমূল্যের ট্রেন টিকিটে সফর করায় ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
এক সাক্ষাৎকারে শিরান জানিয়েছিলেন, কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব জীবনযাপনকে গুরুত্ব দিতেই তিনি সুযোগ পেলেই গণপরিবহন ব্যবহার করেন। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বজায় রাখাও তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
এই সফরে তাঁর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে থাকছেন ভ্যান্স জয়, মিয়া রে এবং অ্যারন রোয়ে। মেলবোর্নের আগে তিনি পার্থ, সিডনি ও ব্রিসবেনে কনসার্ট শেষ করেছেন। বৃহস্পতিবার রাত ৮টার পর হাজারো দর্শকের উপস্থিতিতে মার্ভেল স্টেডিয়ামের মঞ্চে ওঠেন এই তারকা শিল্পী।
মেলবোর্নে আরও দুটি শো শেষে আগামী ৫ মার্চ অ্যাডিলেডে সফর শেষ করার কথা রয়েছে তাঁর। পরিবেশসচেতনতা ও সরল জীবনাচরণের কারণে শিরানের এই সিদ্ধান্ত ভক্তদের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।