Tuesday, February 17, 2026

‘১০ নম্বর জার্সি’ পরেই সংসদে শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ


ছবিঃ আলোচিত বটল-গ্রিন রঙের ‘১০ নম্বর জার্সি’ পরে শপথ নেন হাসনাত আবদুল্লাহ। জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জুলাই গণ–অভ্যুত্থানের সময় পরিহিত ‘১০ নম্বর জার্সি’ ঘিরে যে আলোচনা তৈরি হয়েছিল, সেই একই জার্সি পরে এবার ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তাঁর এই উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রতীকী বার্তা হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার বেলা ১টা ২০ মিনিটের পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তাঁর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আরও ছয়জন নির্বাচিত প্রার্থীও শপথ গ্রহণ করেন। পরে তাঁরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে জয়ী হন হাসনাত আবদুল্লাহ। তিনি এনসিপির দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে নির্বাচন করেন এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী জোটের সমর্থন পান। নির্বাচনে তিনি ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি-সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন, যিনি ট্রাক প্রতীকে ৪৯ হাজার ৮৮৫ ভোট পান।

শপথ অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহর পরনে ছিল আলোচিত বটল-গ্রিন রঙের সেই জার্সি। জার্সিটির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর লোগো এবং ইংরেজিতে তাঁর বিভাগের নাম ‘English’ লেখা রয়েছে। পেছনে ইংরেজিতে তাঁর নাম ‘Hasnat’ ও জার্সি নম্বর ‘10’ উল্লেখ আছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শপথের মতো আনুষ্ঠানিক মুহূর্তে একই জার্সি পরিধান তাঁর আন্দোলন-পরিচয়ের ধারাবাহিকতা ও প্রতীকী অবস্থানকেই সামনে এনেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন