Saturday, April 25, 2026

যুক্তরাষ্ট্রে নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী নিহত, ক্যাম্পাসে শোকের ছায়া


ছবিঃ যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিক্ষক, সহপাঠী ও শিক্ষার্থীরা এ ঘটনায় গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে নাহিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই ক্যাম্পাসে শোকের পরিবেশ বিরাজ করছে। অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের ছাত্রী ছিলেন। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি সহপাঠীদের কাছে পরিচিত ছিলেন।

জানা যায়, নোবিপ্রবি থেকে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান নাহিদা। সেখানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। হঠাৎ করেই তার নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। পরে দীর্ঘ অনুসন্ধানের পর মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

সহপাঠীরা জানান, নাহিদা ছিলেন অত্যন্ত মিশুক ও প্রাণবন্ত একজন মানুষ। পড়াশোনার পাশাপাশি গান, নাচ ও সাহিত্যচর্চায়ও তার আগ্রহ ছিল। তার এমন মর্মান্তিক মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও নাহিদার মৃত্যু নিয়ে শোক ও ক্ষোভ প্রকাশ করছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। অনেকেই এই ঘটনাকে নৃশংস ও অমানবিক হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন নাহিদা সুলতানা বৃষ্টি। একই ঘটনায় আরেক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর খবরও পাওয়া গেছে, যা ঘটনাটিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

এই ঘটনায় দোষীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নোবিপ্রবির শিক্ষার্থী ও শিক্ষকরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন