- ০৭ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক। PNN
ইরানের রাজধানী তেহরান–এ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় একটি প্রাচীন সিনাগগ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত রাফি-নিয়া সিনাগগটি হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ইরানের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সিনাগগের পাশের একটি আবাসিক ভবনে হামলার ফলে বিস্ফোরণের ধাক্কায় ধর্মীয় স্থাপনাটি ধসে পড়ে। ঘটনাস্থলের ভিডিওচিত্রে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের তৎপরতা এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা ধর্মীয় গ্রন্থ দেখা গেছে।
দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, আশপাশের সরু সড়ক ও ঘনবসতিপূর্ণ এলাকার কারণে বিস্ফোরণে নিকটবর্তী ভবনগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় সিনাগগ এলাকায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ইরানের পার্লামেন্টে ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধি হোমায়ুন সামেহ এক ভিডিও বার্তায় বলেন, হামলায় তাদের একটি ঐতিহাসিক ও পবিত্র উপাসনালয় ধ্বংস হয়েছে এবং ভেতরে থাকা ধর্মীয় গ্রন্থ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে।
এদিকে একই রাতে দেশজুড়ে চালানো একাধিক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তেহরানের পূর্বাঞ্চলীয় শহর পারদিস থেকে ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চলের শাহরিয়ার এলাকায় একটি আবাসিক অঞ্চলে হামলায় আরও নয়জন নিহত হন।
উল্লেখ্য, ইরানে ইহুদি ধর্ম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত সংখ্যালঘু ধর্মগুলোর একটি। যদিও ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটির বহু ইহুদি নাগরিক বিদেশে চলে যান, তবুও এখনো সেখানে একটি ছোট ইহুদি সম্প্রদায় বসবাস করছে।
সাম্প্রতিক এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।