- ০২ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সদ্য ঘোষিত যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পদবঞ্চিত একদল নেতা। তাদের অভিযোগ, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং দলের জন্য ত্যাগ স্বীকারকারী অনেক নেতাকে মূল্যায়ন করা হয়নি। এ পরিস্থিতিতে নিজেদের বক্তব্য তুলে ধরতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বুধবার (১ জুলাই) বিকেলে রাজধানীর রমনা এলাকার একটি মিলনায়তনে পদবঞ্চিত নেতাদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান, বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিএনপির মহাসচিবের সরকারি বাসভবনে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের উদ্বেগ, আপত্তি ও পর্যবেক্ষণ তুলে ধরবেন।
নেতাদের ভাষ্য, নবগঠিত কমিটিতে দীর্ঘদিন মাঠপর্যায়ে সক্রিয়, নির্যাতনের শিকার এবং কারাবরণকারী অনেক নেতার জায়গা হয়নি। তাদের দাবি, এসব নেতার পরিবর্তে অপেক্ষাকৃত কম সক্রিয় কিংবা সাংগঠনিকভাবে কম পরিচিত কয়েকজনকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, যা তৃণমূলের কর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে।
প্রতিনিধি দলের সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গেও সাক্ষাতের সুযোগ চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা আশা করছেন, দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাংগঠনিক ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
সভায় উপস্থিত নেতারা বলেন, দলের দুর্দিনে যারা রাজপথে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন সময় মামলা-হামলা ও কারাবরণের মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে। তাই কেন্দ্রীয় কমিটিতে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের অন্তর্ভুক্তির দাবি পুনর্ব্যক্ত করেন তারা।
জরুরি বৈঠকে সাবেক কেন্দ্রীয় এবং বিভিন্ন পর্যায়ের ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতা উপস্থিত ছিলেন। বৈঠকে ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা হয়। তবে দলের শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কাঠামোর মধ্যেই নিজেদের দাবি উপস্থাপনের বিষয়ে সবাই একমত হন।