- ২৩ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। যশোর
যশোর শহরে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন একাধিক মামলার আসামি শরিফুল ইসলাম জিতু (৩৫)। বুধবার গভীর রাতে শহরের বারান্দীপাড়া এলাকার ফুলতলা মোড়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার পর তাকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুমন মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত শরিফুল ইসলাম জিতু শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার বাসিন্দা এবং সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় ১১টার দিকে ফুলতলা মোড় এলাকায় ধারালো অস্ত্র দিয়ে জিতুর ওপর হামলা চালানো হয়। হামলার পর রক্তাক্ত অবস্থায় তাকে সড়কের পাশে ফেলে রেখে যায় হামলাকারীরা। স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাজী মাসুম রেজা জানান, জিতুর শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে ভোরের দিকে নড়াইল এলাকায় পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পরে মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মিরাজুল ইসলাম বলেন, নিহত জিতু পুলিশের তালিকাভুক্ত একজন চিহ্নিত অপরাধী ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আটটি মামলা বিচারাধীন রয়েছে। প্রাথমিক তদন্তে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সুমন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির দাবি, তার স্ত্রীর ওপর ধর্ষণচেষ্টার সময় জিতুর সঙ্গে সংঘর্ষ হয় এবং তখন তাকে কুপিয়ে আহত করা হয়। তবে এই বক্তব্যের সত্যতা যাচাই করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের তথ্য-উপাত্ত সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত চিত্র উদঘাটনের চেষ্টা চলছে।