Monday, February 16, 2026

ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পীরগঞ্জে এএসআই এর মৃত্যু


ফাইল ছবিঃ নিহত শহিদুল ইসলাম (৪৫) (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের অভিযানে অংশ নিতে গিয়ে শহিদুল ইসলাম (৪৫) নামের পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন। পুলিশ সূত্র জানায়, গভীর রাতে একটি বিশেষ অভিযানে অংশ নিতে থানার একটি দল সেনুয়া গ্রামে যায়। অভিযানের একপর্যায়ে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়। তাকে গাড়িতে তোলার সময় হঠাৎ শহিদুল ইসলাম বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন।

সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার পর পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন