Friday, March 13, 2026

ভুয়া আত্মহত্যার গুজব, উচ্চ রক্তচাপে আইসিইউতে সংগীতশিল্পী তানজীব সারোয়ার


ফাইল ছবিঃ তানজিব সারোয়ার (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জনপ্রিয় সংগীতশিল্পী তানজিব সারোয়ার–কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আত্মহত্যার গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তার পরিবার। গুজবের বিপরীতে শিল্পীর স্ত্রী জানিয়েছেন, উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে ফেসবুকের কয়েকটি পেজে দাবি করা হয়, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তানজীব সারোয়ার এবং তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। বিষয়টি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।

তবে এ বিষয়ে শিল্পীর স্ত্রী Saba Sanzida Rahman জানান, এসব তথ্য সঠিক নয়। তিনি বলেন, তানজীবের আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। গত ১২ তারিখ গভীর রাতে হঠাৎ তার রক্তচাপ বেড়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে তানজীব সারোয়ারের শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল। পরিবারের পক্ষ থেকে সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আত্মহত্যার খবরকে বিভ্রান্তিকর উল্লেখ করে সাবা সানজিদা রহমান বলেন, যাচাই–বাছাই ছাড়া এমন সংবাদ প্রচার করা হলে মানুষ ভুল তথ্যের শিকার হয়। ভবিষ্যতে এ ধরনের গুজব ছড়ানো অব্যাহত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সংগীতাঙ্গনে এক দশকের বেশি সময় ধরে সক্রিয় তানজীব সারোয়ার তার স্বতন্ত্র কণ্ঠ ও সুরের জন্য শ্রোতাদের কাছে জনপ্রিয়। ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ এবং ‘গা ছুঁয়ে বলো’সহ বেশ কয়েকটি গান তাকে পরিচিতি এনে দেয়। ২০১১ সালে প্রকাশিত ‘অন্দরমহল’ অ্যালবামের মাধ্যমে তার একক সংগীতজীবনের সূচনা হয়। পরবর্তী সময়ে ‘মেঘবরণ’ ও ‘হৃদমোহিনী’সহ আরও কয়েকটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।

এ ছাড়া চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। পরিচালক Raihan Rafi নির্মিত Surongo চলচ্চিত্রে ‘গা ছুঁয়ে বলো’ গানটি গেয়ে সিনেমার গানে তার অভিষেক ঘটে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন