- ০৪ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ভোলা
ভোলায় ভোরের নীরবতা ভেঙে হঠাৎ করে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) ভোরে শহরের বাংলাস্কুল মোড় এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দাবি, জেলা আওয়ামী লীগের আগুনে পোড়া কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান নেওয়ার পর সেখান থেকে মিছিলটি বের করা হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এর মধ্যে ছিল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা’ এবং সাবেক প্রধানমন্ত্রীকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক স্লোগান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ছিল সংক্ষিপ্ত সময়ের জন্য এবং হঠাৎ করেই তা শেষ হয়ে যায়। এতে এলাকায় কিছুটা আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।