- ১৩ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা ইস্যুতে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, চিকিৎসা ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসাও পুনরায় চালুর বিষয়ে ভারত সম্মতি জানিয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক অগ্রগতি দেখা যেতে পারে।
সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে রুটিন বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
হুমায়ুন কবির বলেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাম্প্রতিক ভারত সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। বিশেষ করে ভিসা সুবিধা সহজ করার বিষয়ে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তিনি বলেন, “মেডিকেল ও বিজনেস ভিসা দ্রুত চালুর বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে ভালো অগ্রগতি পাওয়া যেতে পারে।”
তিনি আরও জানান, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের ভূমিকা নিয়ে আলোচনায় বিষয়টি তুলে ধরা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিতে যেন ভারতের ভূখণ্ড ব্যবহার না হয়।
এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান এখন দেশের বাস্তবতায় অপ্রাসঙ্গিক। তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলমান থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই আসামিকে ভারত গ্রেফতার করেছে। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য প্রথম বিদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সার্কভুক্ত কোনো দেশে সফরের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে, তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় লাগবে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সরকার সবসময় জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের জনগণ বর্তমান সরকারকেই সমর্থন দিচ্ছে।
ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি জানান, অতীতের কিছু রাজনৈতিক জটিলতা সত্ত্বেও পারস্পরিক ইতিবাচক মনোভাব থাকলে সম্পর্ক উন্নয়ন সম্ভব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকও ফলপ্রসূ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।