Saturday, September 12, 2026

পহেলা বৈশাখ ঘিরে পটুয়াখালীতে ইলিশের দাম আকাশছোঁয়া, ক্রেতাদের ভোগান্তি


ছবিঃ পহেলা বৈশাখকে সামনে রেখে পটুয়াখালীর মৎস্য আড়ৎগুলোতে ইলিশের দাম আকাশ ছোঁয়া হয়ে উঠেছে। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। পটুয়াখালী 

পহেলা বৈশাখকে কেন্দ্র করে পটুয়াখালীর আলীপুর ও মহিপুর মৎস্য আড়তে ইলিশের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সরবরাহ সংকট, জ্বালানি সমস্যায় জেলেদের সাগরে কম যাওয়া এবং আসন্ন মাছ ধরার নিষেধাজ্ঞার কারণে বাজারে ইলিশের সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।

সোমবার (১৩ এপ্রিল) সরেজমিনে মহিপুর ও আলীপুর মৎস্য বাজার ঘুরে দেখা যায়, ৯০০ থেকে ১১০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি মণ ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকায়। ৭০০ থেকে ৮০০ গ্রাম সাইজের ইলিশের দাম ৮০ থেকে ৯০ হাজার টাকা, ৪০০ থেকে ৬০০ গ্রাম সাইজের ইলিশ ৬০ থেকে ৭০ হাজার টাকা এবং ছোট জাটকা ইলিশ ৩০ থেকে ৩৫ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

পাইকারি বাজারে এই দামের প্রভাব পড়েছে খুচরা বাজারেও। জেলার নিউ মার্কেটসহ বিভিন্ন বাজারে ইলিশ কিনতে গিয়ে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়ছেন। অনেকেই বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

আড়ৎ ব্যবসায়ীরা জানান, জ্বালানি তেলের সংকটে অনেক জেলে সাগরে যেতে পারছেন না, ফলে মাছ আহরণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর পাশাপাশি আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা ও পহেলা বৈশাখ উপলক্ষে বাড়তি চাহিদা মিলিয়ে বাজারে সরবরাহ আরও কমে গেছে।

মহিপুরের আড়ৎ ব্যবসায়ী শাহআলম হাওলাদার বলেন, “সাগরে মাছ কম, আবার জ্বালানির সমস্যার কারণে জেলেরা নিয়মিত যেতে পারছেন না। সামনে নিষেধাজ্ঞা শুরু হবে সব মিলিয়ে বাজারে চাপ তৈরি হয়েছে।”

ক্রেতা আব্দুর রহিম ক্ষোভ প্রকাশ করে বলেন, “ইলিশের দাম শুনে অবাক হয়ে গেছি। এখন সাধারণ মানুষের পক্ষে ইলিশ কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।”

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলু গাজী বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। বৈশাখের সময়ে চাহিদা আরও বাড়ে, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, প্রতি বছরই পহেলা বৈশাখকে ঘিরে ইলিশের চাহিদা বৃদ্ধি পায়। তবে এবার সাগরে মাছের পরিমাণ কম এবং জ্বালানি সংকটের কারণে জেলেদের সাগরে যাওয়া কমেছে। এ কারণেই বাজারে দাম বেড়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন