Thursday, April 9, 2026

উপনির্বাচন উপলক্ষে বগুড়া-৬ ও শেরপুর-৩ এলাকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ


প্রতীকী ছবিঃ বাংলাদেশ ব্যাংক (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ শূন্য আসনের উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় জানানো হয়, নির্বাচন নির্বিঘ্ন করতে ভোটগ্রহণের দিন ওই দুই আসনের আওতাধীন এলাকায় অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা, উপশাখা ও আঞ্চলিক কার্যালয় বন্ধ থাকবে। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানের সব ব্যবসাকেন্দ্র, শাখা ও বুথও এদিন কার্যক্রম স্থগিত রাখবে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন এবং আর্থিক প্রতিষ্ঠান আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ইতোমধ্যে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

এদিকে, নির্বাচন ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পাশাপাশি ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন