- ০৯ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বিসিবির গঠনতন্ত্রে ‘অ্যাডহক কমিটি’ নামে কোনো বিধান নেই।
পোস্টে তিনি বলেন, বিসিবির নিজস্ব সংবিধান অনুযায়ীই সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই নিয়ম অনুসরণ করায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাউন্সিলর নিয়োগের সুযোগ তৈরি হয়নি। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি প্রশ্ন তোলেন, একটি স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব সংবিধান উপেক্ষা করে নতুন কাঠামো গঠন কতটা যৌক্তিক।
এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের প্রতিক্রিয়াও জানান। তার মতে, ক্রীড়া সংস্থার নিজস্ব নিয়মকানুনকে অবমূল্যায়ন করা হলে সেটি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এর আগে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, বিসিবির কাউন্সিলর নির্বাচন প্রক্রিয়া নির্ধারিত নিয়ম মেনেই সম্পন্ন হয়েছিল। তবে সে সময় বিভিন্ন মহল থেকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিদের কাউন্সিলর করার চাপ ছিল বলেও তিনি উল্লেখ করেন। নিয়মের বাইরে গিয়ে সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি বলেও দাবি করেন তিনি।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও সমালোচনা করেন সাবেক এই উপদেষ্টা। তার ভাষ্য অনুযায়ী, সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্তে কিছু বিতর্কিত প্রবণতা দেখা যাচ্ছে, যা ভবিষ্যতে ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন খাতে প্রভাব ফেলতে পারে।
বিসিবির অ্যাডহক কমিটি গঠনকে কেন্দ্র করে দেশের ক্রিকেট অঙ্গনে ইতোমধ্যে নানা মতভেদ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এ ইস্যুতে চূড়ান্ত অবস্থান স্পষ্ট হলে পরিস্থিতি আরও পরিষ্কার হবে।