- ১৩ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল আজ শুক্রবার সকাল সোয়া ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
উভয় সংসদ সদস্য পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতার ধারক ও বাহক, এখানে শ্রদ্ধা নিবেদন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।” তিনি আরও উল্লেখ করেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন যেসব মানুষ, তাদের স্মৃতিকে সম্মান জানানো তাদের কর্তব্য।
অনুষ্ঠানের পর স্পিকার ও ডেপুটি স্পিকার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
স্পিকার সাংবাদিকদের বলেন, “সংসদ পরিচালনায় আমার ভূমিকা হবে ক্রিকেট খেলায় আম্পায়ারের মতো নিরপেক্ষ। বিরোধী দলও সংসদে যথেষ্ট সুযোগ পাবে।” তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন করবে এবং সংসদ তার কেন্দ্রবিন্দু হবে।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট-এ্যাট-আর্মস, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।