Tuesday, April 14, 2026

টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপির বিক্ষোভ


ছবিঃ গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে দলটির নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানিয়েছেন। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে দলটির নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের সকালে টঙ্গীর স্টেশন রোড সংলগ্ন বিআরটি প্রকল্পের উড়াল সড়কে এ ঘটনা ঘটে। এদিন প্রধানমন্ত্রী কৃষি খাতের একটি ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং কার্যক্রম ও কৃষি মেলার উদ্বোধনের উদ্দেশ্যে টাঙ্গাইলের পথে রওনা দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে উড়াল সড়কের দুই পাশে অবস্থান নেন। প্রধানমন্ত্রীর গাড়িবহর সেখানে পৌঁছালে তারা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন এবং একপর্যায়ে গাড়ির গতিরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। তিনি অভিযোগ করে বলেন, নুরুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে কারাবন্দি রয়েছেন এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা, যার মধ্যে সরকার শাহনূর ইসলাম রনি, দুলাল হোসেন, নবীন হোসেন, মানিক মিয়া, শাহিন মিয়া, হাবিবুর রহমান মিতুন, ফারুক হোসেন, আজিজুল হক ও রফিকুল ইসলামসহ আরও অনেকে ছিলেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় নুরুল ইসলাম সরকারকে আসামি করা হয় এবং একই বছর তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মামলাটিতে উচ্চ আদালত কয়েকজন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং অন্যদের বিভিন্ন মেয়াদের সাজা দেন। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন