Saturday, March 28, 2026

টেকনাফের নাফ নদে মাছ ধরার সময় জেলেদের ওপর সশস্ত্র হামলা


ফাইল ছবিঃ নাফ নদের (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদ থেকে তিনটি মাছ ধরার নৌকাসহ ১৩ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি–এর বিরুদ্ধে।

শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন ঘোলারচর এলাকার নাইক্ষ্যংদিয়া পয়েন্টে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন মো. মোস্তাফিজুর রহমান, মো. ফরিদ হোসেন, মো. রবিউল হাসান, মো. কালাম, মো. হোসেন আম্মদ, মো. মীর কাশেম আলী, মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন, মো. মহিউদ্দিন, মো. মলা কালু মিয়া, মো. আবু তাহের, মো. আবদুল খালেক ও মো. জাবের মিয়া। তাদের সবার বাড়ি শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া ও ডাঙ্গারপাড়া এলাকায়।

স্থানীয় জেলে সমিতির সূত্রে জানা যায়, ভোরে কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা নাফ নদে মাছ ধরতে যায়। সকাল দিকে হঠাৎ স্পিডবোটে করে এসে একদল সশস্ত্র ব্যক্তি জেলেদের ধাওয়া করে। পরে অস্ত্রের মুখে তিনটি নৌকা এবং তাতে থাকা ১৩ জন জেলেকে তুলে নিয়ে যায় তারা।

শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর জানান, ঘটনাটি ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং অনেকেই নদে যেতে ভয় পাচ্ছেন।

সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান বলেন, সীমান্তবর্তী নাফ নদে মাছ ধরা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে স্থানীয় জেলে ও নৌকার মালিকদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী জেলেদের উদ্ধারে কাজ করছে।

ঘটনাটি সীমান্ত এলাকায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়িয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন