- ২৮ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। পাবনা
চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি বঙ্গভবন থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। সেখানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
রাষ্ট্রপতিকে বরণ করতে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার আনম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন। এ সময় তিনি স্থানীয় রাজনৈতিক নেতা, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটিই তার প্রথম নিজ জেলা সফর, যা ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, রোববার (২৯ মার্চ) সকালে তিনি পাবনা সদর উপজেলার আরিফপুর গোরস্থানে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। একইদিন সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
সোমবার (৩০ মার্চ) তিনি সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন এবং পরে শহরে তার নিজ বাসভবনে যাবেন। সফরের শেষদিন মঙ্গলবার (৩১ মার্চ) তিনি সার্কিট হাউজে আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে পাবনায় প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।