- ১৩ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। রংপুর
রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে রংপুর–দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ মার্চ) সকাল প্রায় ৮টার দিকে তারাগঞ্জ উপজেলার খারুভাজ ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক দুটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই দুই চালক মারা যান।
নিহতদের একজন ইদ্রিস আলী (৩৫)। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলুলী গ্রামের রহিদুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় তার ট্রাকের হেলপার আরিফুল ইসলাম গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত অন্য ট্রাকচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর থেকে পাথর বোঝাই একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে রংপুর থেকে সার বোঝাই একটি ট্রাক সৈয়দপুরের দিকে যাচ্ছিল। খারুভাজ ব্রিজ এলাকায় পৌঁছালে দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাথর বোঝাই ট্রাকের চালক ইদ্রিস আলী এবং অপর ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। তারা নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠান।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনায় নিহত দুই চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।