Sunday, April 19, 2026

শুটিং সেটে চড়ের দৃশ্য ঘিরে বিতর্ক: মুখ খুললেন তানজিন তিশা


ফাইল ছবিঃ তানজিন তিশা ও সামিয়া অথৈই (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ঈদ উপলক্ষে নির্মিত একটি নাটকের শুটিং চলাকালে সহশিল্পীকে মারধরের অভিযোগ নিয়ে অবশেষে কথা বলেছেন অভিনেত্রী তানজিন তিশা। তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী সামিয়া অথৈ, যিনি দাবি করেন, একটি দৃশ্যে চড় মারার পর তাঁকে পাল্টা আঘাত করা হয়েছে।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে তানজিন তিশা বলেন, পুরো ঘটনাটি নাটকের চরিত্র ও দৃশ্যের প্রেক্ষিতেই ঘটেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, তিনি নাটকে বিশেষ চাহিদাসম্পন্ন (স্পেশাল চাইল্ড) একটি চরিত্রে অভিনয় করছেন, যার আচরণ আক্রমণাত্মক হতে পারে। চরিত্রের প্রয়োজনেই নির্দিষ্ট দৃশ্যে চড় বা শারীরিক প্রতিক্রিয়ার অংশ ছিল বলে দাবি করেন তিনি। “স্ক্রিপ্টে যতটুকু ছিল, আমি ততটুকুই করেছি। চরিত্রের বাইরে গিয়ে কিছু করিনি,” বলেন তিশা।

অন্যদিকে সামিয়া অথৈ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে অভিযোগ করেন, দৃশ্য ধারণের সময় তিনি নির্দেশনা অনুযায়ী হালকাভাবে চড় মারলেও পরে তিশা তাঁকে জোরে আঘাত করেন এবং এতে তাঁর মুখ ও চোখে ফোলা আসে। তিনি এই ঘটনার বিচার দাবি করেন এবং সেটে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি বলেও উল্লেখ করেন।

তিশা অভিযোগের জবাবে বলেন, শুটিং সেটে আরও অনেক শিল্পী ও কলাকুশলী উপস্থিত ছিলেন। কারও কাছ থেকে এ ধরনের অভিযোগ ওঠেনি। তাঁর দাবি, বিষয়টি পেশাগত সীমার মধ্যেই ছিল, কিন্তু সেটিকে ব্যক্তিগত আক্রমণের রূপ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “লাইভে আমাকে নিয়ে যেসব মন্তব্য করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত এবং আমাকে বিতর্কিত করার চেষ্টা।”

নাটকটি পরিচালনা করছেন রাফাত মজুমদার। এতে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিমসহ আরও কয়েকজন শিল্পী। শহীদুজ্জামান সেলিম গণমাধ্যমকে জানান, ছোটখাটো পেশাগত মতভেদ আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। তিনি বলেন, বিষয়টি মীমাংসার পথে ছিল, তবে পরে জানতে পারেন সামিয়া অথৈ শুটিং সেট ছেড়ে চলে গেছেন। ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পরে আর সাড়া পাওয়া যায়নি বলে জানান তিনি।

ঘটনাটি এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, শুটিং সেটে পেশাদার আচরণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। তবে নাটকটি মুক্তি পাওয়ার পর দৃশ্যটির প্রেক্ষাপট স্পষ্ট হলে বিতর্কের অনেকটাই নিরসন হতে পারে বলে মনে করছেন অনেকে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন