- ১৭ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশের শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে সৃজনশীল শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, সমাজে এখন অনেকেই ভালো ফলাফল ও জিপিএ-৫ অর্জনের দিকে বেশি মনোযোগী, কিন্তু সৃজনশীল ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়টি সমান গুরুত্ব পাচ্ছে না।
বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত ডিন’স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো এর বিপুল মানবসম্পদ। এই সম্পদকে দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। তিনি উল্লেখ করেন, সরকার বিশেষ করে কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে গুরুত্ব দিচ্ছে, যাতে শিক্ষার্থীরা বাস্তব জীবনে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারে।
ডিন’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই স্বীকৃতি শুধু একাডেমিক সাফল্যের প্রতীক নয়, বরং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখার দায়িত্বও বহন করে। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
শিক্ষাব্যবস্থার অতীত ও বর্তমান প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, পাঠ্যবই মুদ্রণ ও বিতরণ ব্যবস্থায় আগের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও শিক্ষাবান্ধব পরিবেশে পরিচালনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও জানান, শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ ধীরে ধীরে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে জিডিপির একটি অংশ শিক্ষা খাতে ব্যয় হলেও ভবিষ্যতে তা আরও বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এবারের ডিন’স অ্যাওয়ার্ডে বিভিন্ন শিক্ষাবর্ষের শতাধিক মেধাবী শিক্ষার্থী সম্মাননা লাভ করেন। তাদের মধ্যে ২০১৯-২০ শিক্ষাবর্ষের অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আভা রহমান স্নাতক পর্যায়ে ৪.০০-এর মধ্যে পূর্ণ ৪.০০ সিজিপিএ অর্জন করে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি পান।