- ২০ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শ্রমজীবী মানুষের অধিকার, কল্যাণ ও সামাজিক সুরক্ষার বিষয়গুলো যথাযথ গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি। সংগঠনটির নেতারা বাজেটকে শ্রমিকবান্ধব নয় উল্লেখ করে তা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন বক্তারা। অনুষ্ঠানে শ্রমিক সংগঠনের প্রতিনিধি, গবেষক এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা অংশ নেন।
সেমিনারে বক্তারা বলেন, দেশের বৃহৎ শ্রমশক্তির উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বাজেটে আরও কার্যকর পদক্ষেপ থাকা প্রয়োজন ছিল। তাদের মতে, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক কল্যাণ তহবিল, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং প্রবাসী শ্রমিকদের ব্যয় কমানোর বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনার অভাব রয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, শ্রম ও কর্মসংস্থান খাতের বরাদ্দ হ্রাস শ্রমিকদের সার্বিক উন্নয়নের লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তিনি শ্রম খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আখতার চৌধুরীও বাজেটে শ্রমিকদের জন্য বাস্তবমুখী উদ্যোগের ঘাটতির কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি শ্রমজীবী মানুষ হলেও বাজেটে তাদের প্রত্যাশার প্রতিফলন পর্যাপ্ত নয়।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বাজেটের বিভিন্ন দিকের সমালোচনা করে বলেন, এটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হবে না।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির বলেন, শ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি শ্রমিক, কৃষক ও সাধারণ জনগণের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।
সেমিনারে আরও বক্তব্য দেন শ্রমিক শক্তির সদস্যসচিব ঋয়াজ মোর্শেদ, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক বাদল খান এবং এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আবদুল্লাহ আল ফয়সালসহ অন্যান্য নেতারা।