Saturday, June 20, 2026

২৩ জুন ঘিরে দেশজুড়ে সম্ভাব্য উত্তেজনা এড়াতে নিরাপত্তা জোরদারের নির্দেশ


প্রতীকী ছবিঃ বাংলাদেশ পুলিশের লোগো (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সারা দেশে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এ উপলক্ষে বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন, মিছিল বা জমায়েতের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশের সব মহানগর পুলিশ কমিশনার এবং রেঞ্জ ডিআইজিদের কাছে একটি নির্দেশনামূলক চিঠি পাঠানো হয়েছে। এতে সম্ভাব্য কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের কথা উল্লেখ করা হয়।

নিরাপত্তা বিশ্লেষণে বলা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিছু এলাকায় দলীয় প্রতীক বা ব্যানার নিয়ে প্রকাশ্যে কর্মসূচি পালনের চেষ্টা হতে পারে। এমন পরিস্থিতিতে অন্যান্য রাজনৈতিক সংগঠন বা বিভিন্ন আন্দোলনভিত্তিক গোষ্ঠীর সঙ্গে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

এ লক্ষ্যে বিভিন্ন জেলা ও মহানগরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য সমাবেশস্থল পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

তবে রাজধানীতে এ বিষয়ে বড় ধরনের কোনো শঙ্কা দেখছে না ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

তিনি জানান, বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস ও কর্মসূচিকে সামনে রেখে রাজধানীতে চেকপোস্ট, টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, যেকোনো রাজনৈতিক কর্মসূচি বা জনসমাগমের ক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনদুর্ভোগ এড়ানোই তাদের প্রধান লক্ষ্য। এ জন্য মাঠপর্যায়ে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন