Saturday, June 20, 2026

গণভোটের রায় বাস্তবায়নে জনগণের কাছে যাওয়ার ঘোষণা মামুনুল হকের


ফাইল ছবিঃ বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য দেন দলের আমির মাওলানা মামুনুল হক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনমত বাস্তবায়নের দাবিতে প্রয়োজনে দেশজুড়ে জনসচেতনতা ও গণসংযোগ কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো এ দাবিতে অনড় না থাকলেও তার দল জনগণের সমর্থন আদায়ে মাঠে থাকবে।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব প্রাঙ্গণে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের পল্টন জোন শাখা এই সমাবেশের আয়োজন করে।

মামুনুল হক বলেন, জনগণের প্রত্যাশা ও গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের গড়িমসি বা আপস গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে তিনি জুলাই সনদ নিয়েও বিভিন্ন প্রশ্ন ও আপত্তির কথা তুলে ধরেন। তার দাবি, সনদ স্বাক্ষরের শেষ পর্যায়ে এমন কিছু বিষয় যুক্ত করা হয়েছে, যা সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও আন্দোলনের কর্মীদের অনেকের কাছেই স্পষ্ট ছিল না। এ বিষয়ে অধিক স্বচ্ছতা ও ব্যাখ্যার প্রয়োজন রয়েছে বলেও তিনি মত প্রকাশ করেন।

দেশের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে খেলাফত মজলিসের আমির বলেন, গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতা ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদের মূল লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থতা ভবিষ্যতে রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলতে পারে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সাধারণ সম্পাদক মাওলানা সালেহ উদ্দীন কাজী। অনুষ্ঠান পরিচালনা করেন যুবনেতা মাহদি হাসান সিকদার।

এ সময় দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতারা বক্তব্য দেন। বক্তারা দ্রব্যমূল্য, জ্বালানি খাতের মূল্যবৃদ্ধি এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন