Thursday, April 23, 2026

শ্রীপুরে বিদ্যালয়ের অনুষ্ঠানে বিশৃঙ্খলা: বিএনপির ৬ নেতা আজীবন বহিষ্কার


প্রতীকী ছবিঃ বিএনপির লোগো (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিএনপির ছয় নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) উপজেলা বিএনপির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব এবং সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ এপ্রিল বাঁশবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ওই নেতারা অনাকাঙ্ক্ষিত আচরণ করেন। অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় তারা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ধরনের আচরণ দলীয় নীতিমালা, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী।

এই ঘটনায় গাজীপুর ইউনিয়ন বিএনপির সংশ্লিষ্ট ছয় নেতাকে তাদের সব পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন—সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক হাসমত আলী হাসু, সাবেক সদস্য আরমান আলী, মো. মাহবুব আলম এবং রফিকুল ইসলাম।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন