Thursday, April 23, 2026

নান্দাইলে বাস উল্টে আহত অন্তত ১৫, চালকের অবস্থা আশঙ্কাজনক


ছবিঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস উলটে ধানখেতে। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ময়মনসিংহ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মেরেঙ্গা বাজার সংলগ্ন কাউয়ারগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ‘এমকে সুপার’ পরিবহনের একটি বাস ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করছিল। পথে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে এড়াতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। পরে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বাসটি পাশের ধানখেতে উল্টে পড়ে।

দুর্ঘটনায় বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বৈদ্যুতিক খুঁটিও ভেঙে যায়। এতে বাসচালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হন। গুরুতর আহতদের মধ্যে চালক বাদশাহ মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে পাঠান। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বেপরোয়া গতিতে আসা অটোরিকশাটির কারণেই দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনার পর অটোরিকশা চালক ঘটনাস্থল ত্যাগ করেন।

নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন