- ১৬ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ফরিদগঞ্জ
সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বাসিন্দা।
বুধবার (১৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদ প্রায় দুই বছর নয় মাস আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান। সেখানে তিনি একটি কফি হাউজে শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে গত ২৪ মার্চ থেকে পরিবারের সঙ্গে তার সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়, যা নিয়ে পরিবার উদ্বেগে পড়ে।
অনেক খোঁজাখুঁজির পর বুধবার বিকেলে ফরিদের বাবার মোবাইলে সৌদি আরব থেকে একটি ফোনকল আসে। সেখানে জানানো হয়, গত ২৪ মার্চ রিয়াদে সড়ক দুর্ঘটনায় ফরিদের মৃত্যু হয়েছে।
নিহত ফরিদ স্থানীয় সাংবাদিক আবু তালেব সরদারের ছোট ছেলে। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
ফরিদের বাবা আবু তালেব সরদার জানান, পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় ছেলেকে বিদেশে পাঠানো হয়েছিল। তিনি আশা করেছিলেন, ফরিদ একদিন পরিবারের দায়িত্ব নেবে। কিন্তু হঠাৎ এমন মর্মান্তিক সংবাদে পরিবারের সব স্বপ্ন ভেঙে গেছে।
এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা প্রিয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।