Monday, May 18, 2026

সোনারগাঁ বিদ্যুৎকেন্দ্রের বিস্ফোরণে আরও এক দগ্ধের মৃত্যু, নিহত বেড়ে ৩


ফাইল ছবিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা মেঘনা ঘাট পাওয়ার লিমিটেডের ক্যানটিনে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে সংঘটিত বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

সোমবার ভোর ছয়টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় কাউসার (৩০) নামের ওই ব্যক্তি মারা যান। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার নাজিরহাট এলাকার বাউরিয়া গ্রামের মো. জামাল মিয়ার ছেলে।

হাসপাতাল সূত্র জানায়, কাউসার গুরুতর দগ্ধ অবস্থায় ভর্তি ছিলেন। তাঁর শরীরের প্রায় ৬০ শতাংশ অংশ পুড়ে গিয়েছিল এবং শ্বাসনালিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, বর্তমানে হাসপাতালে আরও তিনজন রোগী চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, একজনের অবস্থা স্থিতিশীল এবং আরেকজন নিজ ইচ্ছায় হাসপাতাল ছেড়ে গেছেন।

নিহতের স্বজন মো. ফয়সাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কাউসার বিদ্যুৎকেন্দ্রে কী পদে কর্মরত ছিলেন, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

এর আগে গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় মো. আমির (২৫) এবং গত বৃহস্পতিবার শংকর গোমেজ (২৫) মারা যান। তাঁদের শরীরের যথাক্রমে প্রায় ৮০ শতাংশ দগ্ধ ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা ঘাট এলাকায় অবস্থিত একটি ৭১৮ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাসহ মোট ১২ জন দগ্ধ হন। পরে তাঁদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকে বিষয়টি ঘিরে এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। কর্তৃপক্ষ এখনো ঘটনার কারণ অনুসন্ধান করছে বলে জানা গেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন