Monday, May 18, 2026

র‍্যাবের জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ, মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর


ছবিঃ মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর জন্য নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভবিষ্যতে এই বাহিনী মানবাধিকার সমুন্নত রেখে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে পরিচালিত হবে।

সোমবার দুপুরে র‍্যাব সদর দপ্তরে আয়োজিত ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং র‍্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রী বলেন, নতুন আইনের অধীনে র‍্যাবকে একটি এলিট ফোর্স হিসেবে রাখা হবে। তবে এর নাম পরিবর্তন করা হবে কি না বা নতুন কোনো কাঠামো তৈরি করা হবে কি না—সেই বিষয়টি এখনো সরকারের বিবেচনায় রয়েছে।

তিনি আরও জানান, র‍্যাবের ক্ষমতা, দায়িত্ব, জবাবদিহি এবং স্বচ্ছতার বিষয়গুলো নতুন আইনে স্পষ্টভাবে নির্ধারণ করা হবে, যাতে ভবিষ্যতে কোনো ধরনের অপব্যবহারের সুযোগ না থাকে।

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে পুরো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যক্তিগত দায়ের কারণে পুরো বাহিনীকে দায়ী করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন সময়ে কিছু সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ উঠেছে, যার প্রভাব র‍্যাবসহ অন্যান্য বাহিনীর ওপরও পড়েছে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি বলে দাবি করেন তিনি।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, পরিস্থিতির উন্নতি হলে বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ তৈরি হতে পারে।

ইলিয়াস আলী গুমের ঘটনায় বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে মামলা বিচারাধীন রয়েছে এবং আইনগত কাঠামোর মধ্যেই তদন্ত ও বিচার কার্যক্রম চলছে। তিনি আরও জানান, গুম সংক্রান্ত ঘটনার বিচার প্রক্রিয়াকে আরও কার্যকর করতে বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংশোধন আনার বিষয়েও সরকার কাজ করছে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে র‍্যাব সম্পূর্ণভাবে মানবাধিকার ও আইনের শাসন মেনে দায়িত্ব পালন করবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন