- ১১ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ফেনী
দেশের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন না আনলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, পরিবারভিত্তিক নেতৃত্ব, ক্ষমতার কেন্দ্রীকরণ ও পুরোনো রাজনৈতিক সংস্কৃতির কারণে বড় দলগুলোর মধ্যে মৌলিক পার্থক্য জনগণ খুঁজে পাচ্ছে না।
শুক্রবার বিকেলে আমার বাংলাদেশ পার্টি–এর উদ্যোগে ফেনী শহরে আয়োজিত এক রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঞ্জু বলেন, জনগণ রাজনৈতিক দলগুলোর পার্থক্য মূল্যায়ন করবে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে। বিশেষ করে দুর্নীতি, দলীয় প্রভাব, রাজনৈতিক সহিংসতা এবং দ্রব্যমূল্যের পরিস্থিতির মতো বিষয়গুলো মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তার ভাষায়, সাম্প্রতিক গণ-আন্দোলনের পরও যদি সাধারণ মানুষ কাঙ্ক্ষিত পরিবর্তন না দেখতে পায়, তাহলে তাদের মধ্যে হতাশা তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের পুরোনো রাজনৈতিক কাঠামো এখনো বহাল রয়েছে, ফলে নতুন রাজনৈতিক শক্তির বিকাশ কঠিন হয়ে পড়ছে। তবে সাম্প্রতিক নির্বাচনী অভিজ্ঞতায় নতুন ধারার রাজনীতির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে বলেও দাবি করেন তিনি।
নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে এবি পার্টি চেয়ারম্যান বলেন, তারা আগে রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু বড় রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের দিকে ঝুঁকেছে। তার মতে, কার্যকর সংস্কার হলে অনেক প্রভাবশালী প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারাতে পারতেন।
তিনি অভিযোগ করেন, বর্তমান ব্যবস্থায় পুরোনো রাজনৈতিক শক্তিগুলো বেশি সুবিধা পায়। তাই রাজনৈতিক সংস্কার কার্যকর করতে হলে পুরো ব্যবস্থাগত পরিবর্তন জরুরি।
কর্মশালায় সভাপতিত্ব করেন আফলাতুন বাকী এবং সঞ্চালনা করেন ফজলুল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শাহ আলম ও আহসান উল্লাহ।
এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, শাহ আলম শাহীন সুলতানী, মির ইকবাল, নাজরানা হাফিজ এবং শফিউল্লাহ পারভেজসহ দলের বিভিন্ন ইউনিটের নেতারা।