Monday, October 19, 2026

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন


ছবিঃ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। তাকে লক্ষ্য করে নানা ধরনের সমালোচনা ও প্রচারণা চালানো হয়েছে দাবি করে তিনি বলেছেন, নিজের কারণে দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চান না বলেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকার মাদক নির্মূলসহ স্থানীয় সমস্যা সমাধানে বেশি সময় দিতে চান তিনি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক। তিনি জানান, একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন এবং প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “প্রধানমন্ত্রীর কাছে আজকের দিন হতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি। পুরো সময়টা ঢাকা-৬ আসন ও পার্শ্ববর্তী এলাকায় মাদক নির্মূল ও অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।”

নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করতে চাই। আমার জন্য যেন কাউকে বিব্রত হতে না হয়।”

সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও আলোচনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ইশরাক। তার অভিযোগ, গত দুই থেকে তিন দিন ধরে একটি বিষয় নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে আলোচনা চলছে। এসব প্রতিবেদনের কিছু অংশ সত্য হলেও অনেক ক্ষেত্রে অতিরঞ্জন করা হয়েছে এবং কল্পকাহিনির মতো বিষয় তুলে ধরা হয়েছে। এতে তাকে লক্ষ্যবস্তু বানিয়ে হেয় করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, এ পরিস্থিতিতে দলও বিব্রতকর অবস্থায় পড়েছে।

এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন ইশরাক হোসেন। ওই ঘটনাকে কেন্দ্র করে তাকে নিয়ে রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে আলোচনা শুরু হয়।

এরই মধ্যে রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ডেকে পাঠান। পরে প্রধানমন্ত্রী তাকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পদত্যাগের ঘোষণার মধ্য দিয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেও ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকার উন্নয়ন, মাদক নির্মূল এবং স্থানীয় সমস্যা সমাধানে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন