Monday, June 22, 2026

সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদ নেতার


ফাইল ছবিঃ মো. সারওয়ার আলম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। সিলেট

প্রত্যাহার করা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দলটির গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আবু হানিফ বলেন, প্রশাসনে বদলি বা প্রত্যাহার একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও সারওয়ার আলমের ক্ষেত্রে বিষয়টি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ কম। তার মতে, সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের কারণেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

পোস্টে তিনি উল্লেখ করেন, সারওয়ার আলম দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও স্বার্থান্বেষী গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। বিশেষ করে সিলেট অঞ্চলের পাথর উত্তোলন ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিষয়ে তার ভূমিকার কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার বিষয়টিও উল্লেখ করেন।

আবু হানিফ দাবি করেন, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার কারণে অতীতেও সারওয়ার আলমকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তিনি একজন সৎ ও দেশপ্রেমিক কর্মকর্তা হিসেবে পরিচিত বলে মন্তব্য করেন।

গণঅধিকার পরিষদের এই নেতা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি পুনর্বিবেচনা করে সারওয়ার আলমকে পুনর্বহাল করা উচিত। অন্যথায় এ সিদ্ধান্তের পেছনে অন্য কোনো প্রভাবশালী মহলের ভূমিকা রয়েছে কি না, তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হতে পারে।

তবে এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন