Monday, June 22, 2026

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারপ্রক্রিয়ার ধীরগতির প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ করবে ১১ দলীয় জোট


ছবিঃ সমন্বয়ক হামিদুর রহমান আযাদ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গণহত্যার বিচার প্রক্রিয়ার ধীরগতি এবং রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। এসব দাবিতে আগামী মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ আয়োজনের কথা জানিয়েছে জোটের নেতারা।

সোমবার সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের কার্যকর পদক্ষেপের অভাব নিয়ে তাদের জোট উদ্বিগ্ন। বিশেষ করে বিচারপ্রক্রিয়ার ধীরগতি, রাজনৈতিক সহিংসতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানাতে মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নেবেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন। একইসঙ্গে আগামী ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল আয়োজনেরও ঘোষণা দেওয়া হয়েছে।

হামিদুর রহমান আযাদ সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় বিভিন্ন ঘটনার বিষয়ে সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বলে তাদের মনে হচ্ছে। সীমান্ত হত্যা এবং অনুপ্রবেশ-সংক্রান্ত বিষয়গুলোতেও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন যদি আইন লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনার চেষ্টা করে, তাহলে তা প্রতিরোধ করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। রাজনৈতিক দলগুলোর ওপর এ দায়িত্ব বর্তায় না।

দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন