- ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশ খেলাফত মজলিস–এর আমির ও ঢাকা–১৩ আসনের পরাজিত প্রার্থী মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা করার ইঙ্গিত দিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে বলা হয়, ঢাকা–১৩ আসনের নির্বাচনী ফলাফল নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই মামলার হুমকি দেওয়া হচ্ছে। দলটির দাবি, নির্বাচনের দিন কেন্দ্র দখল ও হামলার অভিযোগ তুলে মাওলানা মামুনুল হককে জড়িয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।
এর আগে সকালে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন আহত নেতা–কর্মীকে দেখতে গিয়ে ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, নির্বাচনে সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেখানেই তিনি মামুনুল হকের বিরুদ্ধে মামলা করার প্রসঙ্গ তোলেন।
খেলাফত মজলিসের বিবৃতিতে অভিযোগ করা হয়, নির্বাচনের ফল প্রকাশের আগে ও পরে নানা অনিয়ম ঘটেছে। তাদের দাবি, ফলাফল প্রক্রিয়ায় অসঙ্গতি ও সংশোধন জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়ার কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে।
দলটি আরও জানায়, অতীতেও রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে মামলা ও হয়রানির নজির রয়েছে। একই কৌশলের পুনরাবৃত্তি হচ্ছে বলে তারা মনে করে। একই সঙ্গে তারা নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আইনি প্রক্রিয়া ও গণতান্ত্রিক চর্চার প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি। মামলার হুমকি দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও মন্তব্য করা হয়েছে।