- ০৪ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকায় প্রায় আট দশক ধরে কমিউনিটির ব্যবহৃত একটি লাশ গোসলের স্থান দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে রিফিউজিপাড়া এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ১৯৪৩ সালে সরকারিভাবে ‘কার্ড’ নিয়ে প্রায় ৪০টি উদ্বাস্তু পরিবার সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকায় বসতি স্থাপন করে। তখন থেকে প্রায় এক শতাংশ আয়তনের একটি খোলা জায়গা কমিউনিটির প্রয়োজনে সংরক্ষিত ছিল। দীর্ঘদিন ধরে এলাকার কেউ মারা গেলে সেখানে লাশ গোসল করানোর প্রথা চলে আসছে। জায়গাটি কোনো লিখিত কাগজপত্রে নিবন্ধিত না হলেও অলিখিতভাবে এটি কমিউনিটির সম্পদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
বাসিন্দাদের অভিযোগ, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর আব্দুল মান্নান মনা ওরফে ড্রাইভার মনা নামে স্থানীয় বিএনপির এক কর্মী ওই স্থানে পাকা ঘর নির্মাণ শুরু করেন। তিনি সাবেক এক সংসদ সদস্য ও বর্তমান এক এমপির নাম ব্যবহার করে জায়গাটি নিজের দখলে নেওয়ার চেষ্টা করছেন বলে এলাকাবাসীর দাবি। একই সঙ্গে গণেশ নামে এক হিন্দু ব্যক্তির কাছে ঘরটি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বাবদ এক লাখ টাকা অগ্রিম নেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।
এলাকার বাসিন্দা রুবি আক্তার বলেন, ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি, এই জায়গায় আমাদের স্বজনদের শেষ গোসল করানো হয়। এখন যদি এটি দখল হয়ে যায়, তাহলে আমাদের জন্য তা অত্যন্ত কষ্টের হবে। এটি শুধু জমি নয়, আমাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের অংশ।
অভিযুক্ত আব্দুল মান্নান মনা ফোনে বলেন, সেখানে আগে গোসলের জায়গা ছিল—এ কথা তিনি অস্বীকার করছেন না। তবে জায়গা দখলের অভিযোগ তিনি নাকচ করে বলেন, সরেজমিনে এলে প্রকৃত অবস্থা বোঝা যাবে। এ বিষয়ে বিস্তারিত কথা বলতে তিনি অনীহা প্রকাশ করেন।
জেলা প্রশাসক রায়হান কবির বলেন, বিষয়টি আগে জানা ছিল না। অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি জমি অবৈধভাবে দখল করার সুযোগ নেই।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দখলচেষ্টার অবসান চেয়েছেন।