- ০৪ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কক্সবাজার
কক্সবাজারের উখিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার ভোরে হলদিয়া ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকার মধুঘোনা খলার পাহাড়সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত লালা বিবি (৩০) মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সেহেরি খাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে তাকে শারীরিকভাবে নির্যাতন করে। একপর্যায়ে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গেলে তাকে ঘরের ভেতর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি আর বেঁচে নেই।
স্বজনদের দাবি, ধর্ষণের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে বলেও তারা জানান। পরিবারের ধারণা, দীর্ঘদিন ধরে চলমান জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটতে পারে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহম্মদ সাংবাদিকদের বলেন, প্রাথমিক তদন্তে একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার আভাস পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মঙ্গলবার ময়নাতদন্ত শেষে ইফতারের পর জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার রাতেই থানায় মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।