- ১২ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুয়াকাটা
কুয়াকাটায় ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক আবাসিক হোটেল মালিককে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত লোকমান মৃধা স্থানীয় একটি আবাসিক হোটেলের মালিক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই ব্যক্তি নিয়মিত তার হোটেলে এসে মাদক সেবন করতেন। এতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা পরিকল্পিতভাবে হামলা চালায় বলে অভিযোগ।
হামলার সময় অভিযুক্তরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে লোকমান মৃধার দুই পা মারাত্মকভাবে জখম হয়। আঘাতে তার কয়েকটি দাঁত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর চোট লাগে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটার ২০ শয্যার হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহতের পরিবারের অভিযোগ, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
স্থানীয় যুবদল নেতারা জানান, অভিযুক্তদের একজন দল থেকে আগেই বহিষ্কৃত এবং অপরজনের সংশ্লিষ্টতার প্রমাণ মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মহিপুর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।