- ২৪ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক | শেরপুর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম শেরপুরের নকলা উপজেলার শহীদ আব্দুল আজিজের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নিয়েছেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নে শহীদ আব্দুল আজিজের বাড়িতে যান নাহিদ ইসলাম। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটিয়ে তিনি তাদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সাক্ষাৎকালে স্থানীয় এনসিপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম তাদের ধৈর্য ও সাহসের প্রশংসা করেন এবং শহীদ পরিবারের প্রতি সম্মান ও সংহতি প্রকাশ করেন।
জানা যায়, নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের বাসিন্দা এবং গার্মেন্টসকর্মী আব্দুল আজিজ গত বছরের ৫ আগস্ট ঢাকায় এক দফা আন্দোলনের সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে গুরুতর আহত হন। তার চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে সহকর্মীর সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তিনি মারা যান।
মৃত্যুর পর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পরবর্তীতে তার মা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে এক পর্যায়ে আদালতের নির্দেশে আব্দুল আজিজের মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এ বিষয়ে এনসিপির শেরপুর জেলা শাখার আহ্বায়ক লিখন মিয়া জানান, জামালপুরে দলীয় পদযাত্রা কর্মসূচি শেষ করে ঢাকায় ফেরার পথে নকলায় যাত্রাবিরতি দিয়ে শহীদ আব্দুল আজিজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। তিনি আরও জানান, শুক্রবার শেরপুরে এনসিপির আরেকটি পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে সেটি স্থগিত করা হয়েছে।
শহীদ পরিবারের সঙ্গে এই সাক্ষাৎকে স্থানীয়ভাবে মানবিক ও সৌজন্যমূলক উদ্যোগ হিসেবে দেখছেন অনেকেই। পরিবারের সদস্যরাও এ সময় তাদের খোঁজ নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।