Sunday, June 14, 2026

সীমান্তে ‘পুশ ইন’ বন্ধের আহ্বান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের


ফাইল ছবিঃ মোয়াজ্জেম হোসেন আলাল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ভারত থেকে বাংলাদেশে ‘পুশ ইন’ কার্যক্রম অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, সীমান্তে এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং তা দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন।

রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। ভারতীয় ‘পুশ ইন’-এর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও এর অঙ্গসংগঠন বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রজন্ম এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সীমান্তে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এসব অনুপ্রবেশ প্রতিহত করছে। তিনি দাবি করেন, বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করলেও সাধারণ মানুষও সক্রিয়ভাবে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় পুশ ইন কার্যক্রম বন্ধে ভারতকে কার্যকর উদ্যোগ নিতে হবে এবং বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আরও স্পষ্ট অবস্থান প্রয়োজন।

ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে উদ্দেশ করে আলাল বলেন, তিনি যেন দায়িত্ব গ্রহণের পর এ ধরনের কার্যক্রম বন্ধে উদ্যোগী হন এবং বিষয়টি নিজ দেশের কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন এবং দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থের ভিত্তিতে হওয়া উচিত বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি সব দেশের ক্ষেত্রেই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পরিচালিত হওয়া উচিত।

সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এতে আরও বক্তব্য দেন জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের সাধারণ সম্পাদক কে এম আই মন্টিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন