- ০৪ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশের পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন করে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এসএসসি-এইচএসসি ছাড়াও চাকরির পরীক্ষা ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় নকল ও অনিয়ম দমনে শক্ত অবস্থানের কথা জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন।
সম্প্রতি এক বক্তব্যে তিনি জানান, পাবলিক পরীক্ষা আইনে সংশোধন আনা হচ্ছে, যার ফলে কেবল বোর্ড পরীক্ষা নয়—সব ধরনের পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
মন্ত্রী বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হচ্ছে। এ ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের আর্থিক সীমাবদ্ধতা থাকলে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে বলেও জানান তিনি।
এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রগুলোতে আইপিএস রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে প্রযুক্তিনির্ভর তদারকিতে কোনো বিঘ্ন না ঘটে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রয়োজনে কেন্দ্রীয়ভাবে হঠাৎ করেই অনলাইন বা সরাসরি ক্লাস পর্যবেক্ষণ করা হতে পারে। এ জন্য সংশ্লিষ্টদের প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে পরীক্ষায় নকল ও অসদুপায় অবলম্বনের প্রবণতা কমবে এবং শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ও বিশ্বাসযোগ্যতা বাড়বে বলে আশা করা হচ্ছে।