Tuesday, July 21, 2026

সনদ উত্তোলনে ভোগান্তি কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ, জেলা পর্যায়েই মিলতে পারে সেবা


প্রতীকী ছবিঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

সনদ সংগ্রহ ও সংশোধন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে বড় ধরনের প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসে না এসে ডাকযোগে বা আঞ্চলিক পর্যায় থেকেই সনদ সংগ্রহ করতে পারবেন।

শনিবার এক সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ জানান, আগে শিক্ষার্থীদের একটি সনদ পেতে একাধিকবার ক্যাম্পাসে আসতে হতো। এতে সময় ও অর্থ দুটিই ব্যয় হতো। বর্তমানে সেই প্রক্রিয়াকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে, ফলে আবেদন থেকে শুরু করে অগ্রগতি পর্যবেক্ষণ—সবকিছু এখন অনলাইনে করা যাচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা এখন অনলাইনে আবেদন করে নির্ধারিত ফি ব্যাংকে জমা দিয়ে সহজেই সার্টিফিকেটের অবস্থা জানতে পারছে। সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যেই ফাইনাল সনদ প্রস্তুত করা হচ্ছে।

উপাচার্য আরও জানান, প্রভিশনাল সনদ ইতোমধ্যে সংশ্লিষ্ট কলেজে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। আর ফাইনাল সনদ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের তথ্যসেবা কেন্দ্র থেকে সংগ্রহ করা গেলেও ভবিষ্যতে তা আঞ্চলিক কেন্দ্র কিংবা ডাকযোগে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান ১০টি আঞ্চলিক কেন্দ্রকে আরও কার্যকর করার পাশাপাশি নতুন করে আরও ১০টি কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে সনদ বিতরণ ছাড়াও বিভিন্ন প্রশাসনিক কাজ স্থানীয় পর্যায়ে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

উপাচার্য বলেন, লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, যাতে দূর-দূরান্ত থেকে গাজীপুর ক্যাম্পাসে এসে ভোগান্তির শিকার হতে না হয়। তিনি আরও জানান, ভবিষ্যতে মূল ক্যাম্পাসকে ‘কন্টাক্টলেস’ করার পরিকল্পনাও রয়েছে, যেখানে অধিকাংশ সেবা অনলাইন বা আঞ্চলিক পর্যায় থেকেই সম্পন্ন হবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে লাখ লাখ শিক্ষার্থী দ্রুত ও সহজে সনদ সংক্রান্ত সেবা পাবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন