- ১১ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ঢাকার সাভারে এক নারীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বিএনপি নেতা শাহাদাত খানকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী ও তার বাবাসহ মোট তিনজন আহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন পাগলার মোড় মহল্লায় এ ঘটনা ঘটে।
আহত শাহাদাত খান ওই এলাকার মৃত হাজী মাসুদ খানের ছেলে এবং তিনি সাভার সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। আহত অন্য দুজন হলেন ইভটিজিংয়ের শিকার ওই নারী এবং তার বাবা।
ভুক্তভোগী নারী জানান, তিনি একটি বোতল তৈরির কারখানায় কাজ করেন। প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার পথে ব্যাংক টাউন পাগলার মোড় এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাকে উত্যক্ত করতে শুরু করে। পরে বিষয়টি স্থানীয় বিএনপি নেতা শাহাদাত খানকে জানালে তিনি অভিযুক্তদের এমন আচরণ থেকে বিরত থাকতে বলেন।
তিনি আরও বলেন, পরে তারা সবাই নিজ নিজ বাড়ির দিকে রওনা হলে পথেই আয়ুব খান, তার ছেলে আমিনসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় শাহাদাত খানকে মারধরের একপর্যায়ে তার মাথায় ছুরি দিয়ে আঘাত করা হয়। হামলায় তিনি নিজে ও তার বাবাও আহত হন।
শাহাদাত খান বলেন, একটি মেয়েকে কয়েকজন যুবক উত্যক্ত করছিল। আমি তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে এবং ছুরি দিয়ে মাথায় আঘাত করে।
অভিযুক্ত আয়ুব খান দাবি করেন, তিনি শুনেছেন তার ছেলেকে কেউ মারধর করছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।