Sunday, October 4, 2026

সার মজুতের অভিযোগে জরিমানা, জামায়াত নেতার সদস্যপদ বাতিল


ফাইল ছবিঃ মো. মনিরুল ইসলাম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। সিরাজগঞ্জ

সার মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার পর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির (২) মো. মনিরুল ইসলামের দলীয় সদস্যপদ বা রুকুনিয়াত বাতিল করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ উপজেলা জামায়াতের আমির মো. ইউসুফ আলী। তিনি জানান, দলীয় আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মনিরুল ইসলামের রুকুনিয়াত বাতিল করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় মনিরুল ইসলামের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। পরে সার মজুতের অভিযোগে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন কামারখন্দের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

উপজেলা জামায়াতের আমির মো. ইউসুফ আলী বলেন, মনিরুল ইসলামের বিরুদ্ধে দলীয় আদর্শবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয়ভাবে তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে অভিযোগ ও দলীয় সিদ্ধান্তের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন মনিরুল ইসলাম। তিনি দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে সদস্যপদ বাতিলের বিষয়টি জানতে পেরেছেন বলেও জানান তিনি।

মনিরুল ইসলামের ভাষ্য, এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনো তাকে কোনো লিখিত চিঠি দেওয়া হয়নি।

সার মজুতের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা এবং পরবর্তী সময়ে দলীয় সদস্যপদ বাতিলের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন