Thursday, May 14, 2026

শাপলা চত্বর মামলায় দীপু মনি, ফারজানা রুপাসহ তিনজনকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল


ফাইল ছবিঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে আরও ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালত আগামী ৭ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। একই দিনে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৭ মে প্রসিকিউশনের পক্ষ থেকে এই তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন জানানো হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করলে বৃহস্পতিবার তাঁদের ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। পরে মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারকরা।

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালের মে মাসে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘর্ষ ও অভিযানের ঘটনায় এখন পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রাম এলাকায় অন্তত ৫৮ জন নিহত হওয়ার তথ্য তদন্তে উঠে এসেছে। নিহত ব্যক্তিদের পরিচয়ও শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন